🌹নবম শ্রেণির ইতিহাস প্রশ্নোত্তর::প্রথম অধ্যায়-ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক🌹

✍️সঠিক উত্তরটি নির্বাচন করো(প্রশ্নের মান-১):

১। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের শাসক ছিলেন –
(ক) ত্রয়োদশ লুই (খ) চতুর্দশ লুই (গ) পঞ্চদশ লুই (ঘ) ষোড়শ লুই
উত্তর: (ঘ) ষোড়শ লুই।

২। ফ্রান্সে ভাগচাষিদের বলা হতো –
(ক) সার্ফ (খ) মোতায়ের (গ) ভ্যাসাল (ঘ) পিজ্যান্ট
উত্তর: (খ) মোতায়ের।

৩। ফ্রান্সে ধর্মকরকে বলা হতো –
(ক) টাইলে (খ) গ্যাবেলা (গ) টাইদ (ঘ) ক্যাপিটেশন
উত্তর: (গ) টাইদ।

৪। ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলে অভিহিত করেছিলেন –
(ক) ভলতেয়ার (খ) অ্যাডাম স্মিথ (গ) মন্তেস্কু (ঘ) রুশো
উত্তর: (খ) অ্যাডাম স্মিথ।

৫। ‘দ্য পার্সিয়ান লেটার্স’ গ্রন্থের লেখক –
(ক) ভলতেয়ার (খ) রুশো (গ) মন্তেস্কু (ঘ) ডেনিস দিদেরো
উত্তর: (গ) মন্তেস্কু।

৬। ভলতেয়ারের একটি বিখ্যাত গ্রন্থ হলো –
(ক) সামাজিক চুক্তি (খ) দ্য স্পিরিট অব লজ (গ) পার্সিয়ান পত্রাবলি (ঘ) কাঁদিদ
উত্তর: (ঘ) কাঁদিদ।

৭। ফরাসি বিপ্লবের জনক হিসেবে পরিচিত –
(ক) রুশো (খ) মন্তেস্কু (গ) মিরাবো (ঘ) ভলতেয়ার
উত্তর: (ক) রুশো।

৮। ‘অসাম্যের সূচনা’ গ্রন্থের রচয়িতা –
(ক) মন্তেস্কু (খ) ডেনিস দিদেরো (গ) ভলতেয়ার (ঘ) রুশো
উত্তর: (ঘ) রুশো।

৯। ‘দ্য ওয়েলথ অব নেশনস’ গ্রন্থ রচয়িতা –
(ক) কেনে (খ) আব্বে সিয়েস (গ) অ্যাডাম স্মিথ (ঘ) রোবসপিয়ার
উত্তর: (গ) অ্যাডাম স্মিথ।

১০। ফরাসি বিপ্লবের সময়কাল ছিল –
(ক) ১৭৮৮ খ্রিস্টাব্দ (খ) ১৭৯০ খ্রিস্টাব্দ (গ) ১৭৮৯ খ্রিস্টাব্দ (ঘ) ১৭৯১ খ্রিস্টাব্দ
উত্তর: (গ) ১৭৮৯ খ্রিস্টাব্দ।

১১। ফ্রান্সে বংশানুক্রমিক অভিজাতদের পরিচিতি ছিল –
(ক) পোশাকি (খ) উচ্চ (গ) বংশানুক্রমিক (ঘ) নিম্ন
উত্তর: (গ) বংশানুক্রমিক।

১২। ফরাসি বিপ্লবের প্রধান অগ্রদূত ছিলেন –
(ক) যাজকরা (খ) অভিজাতরা (গ) ধনী বুর্জোয়া (ঘ) সাঁকুলোৎতরা
উত্তর: (গ) ধনী বুর্জোয়া।

১৩। টাইলে হলো –
(ক) ভূমি কর (খ) ধর্ম কর (গ) লবণ কর (ঘ) বিবাহ কর
উত্তর: (ক) ভূমি কর।

১৪। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধি ছিল –
(ক) যাজকরা (খ) সাঁকুলোৎতরা (গ) অভিজাতরা (ঘ) বুর্জোয়া
উত্তর: (ঘ) বুর্জোয়া।

১৫। ‘দ্য স্পিরিট অব লজ’ রচয়িতা ছিলেন –
(ক) মন্তেস্কু (খ) রুশো (গ) ভলতেয়ার (ঘ) অ্যাডাম স্মিথ
উত্তর: (ক) মন্তেস্কু।

১৬। ‘একক ব্যক্তি যদি আইন প্রণয়ন, শাসন এবং বিচার বিভাগের দায়িত্ব গ্রহণ করে, তবে ব্যক্তি স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে’ – এই ধারণার প্রবক্তা –
(ক) ডেনিস দিদেরো (খ) ভলতেয়ার (গ) রুশো (ঘ) মন্তেস্কু
উত্তর: (ঘ) মন্তেস্কু।

১৭। ‘দার্শনিকের অভিধান’ রচনা করেন –
(ক) মন্তেস্কু (খ) রুশো (গ) ভলতেয়ার (ঘ) অ্যাডাম স্মিথ
উত্তর: (গ) ভলতেয়ার।

১৮। ‘সামাজিক চুক্তি’ গ্রন্থ রচনা করেন –
(ক) মন্তেস্কু (খ) রুশো (গ) ভলতেয়ার (ঘ) ডেনিস দিদেরো
উত্তর: (খ) রুশো।

১৯। ‘ফিজিওক্র্যাট’ মতবাদে বিশ্বাসী ছিলেন –
(ক) কেনে (খ) ডি’ এলেমবার্ট (গ) ডেনিস দিদেরো (ঘ) রুশো
উত্তর: (ক) কেনে।

২০। বাস্তিল ছিল ফ্রান্সের—
(A) রাজপ্রাসাদ (B) দুর্গ (C) গির্জা (D) বিশ্ববিদ্যালয়
উত্তর: (B) দুর্গ।

২১। ১৭৯১ খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুই দেশত্যাগ করতে গিয়ে ধরা পড়েন—
(A) ২১ ফেব্রুয়ারি (B) ২০ মার্চ (C) ২১ জুন (D) ২৫ জুলাই
উত্তর: (C) ২১ জুন।

২২। ফ্রান্সের কর ব্যবস্থায় টাইথ হলো—
(A) লবণ কর (B) আয়কর (C) ধর্ম কর (D) ভূমি কর
উত্তর: (C) ধর্ম কর।

২৩। নতুন প্রজাতন্ত্রের বর্ষপঞ্জী প্রবর্তিত হয়েছিল—
(A) সংবিধানের কার্যকালে (B) সন্ত্রাসের রাজত্বকালে (C) ডাইরেক্টরি শাসনকালে (D) কনসুলেট শাসনকালে
উত্তর: (B) সন্ত্রাসের রাজত্বকালে।

২৪। দ্বিতীয় ফরাসি বিপ্লব সংঘটিত হয়—
(A) মার্চ, ১৭৯০ খ্রি (B) ফেব্রুয়ারি, ১৭৯১ খ্রি (C) আগস্ট, ১৭৯২ খ্রি (D) মে, ১৭৯৩ খ্রি
উত্তর: (C) আগস্ট, ১৭৯২ খ্রি।

২৫। ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বে নেতৃত্ব দিয়েছিলেন—
(A) রোবসপিয়ার (B) মিরাব্যু (C) দাঁতো (D) অ্যাবে সিয়েস
উত্তর: (A) রোবসপিয়ার।

২৬। ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচিত হয়—
(A) ১৭৯৫ খ্রিস্টাব্দে (B) ১৭৮৯ খ্রিস্টাব্দে (C) ১৭৯১ খ্রিস্টাব্দে (D) ১৭৯৩ খ্রিস্টাব্দে
উত্তর: (C) ১৭৯১ খ্রিস্টাব্দে।

২৭। ‘দ্য পার্সিয়ান লেটার্স’ গ্রন্থের লেখক ছিলেন—
(A) রুশো (B) ভলতেয়ার (C) মন্তেস্কু (D) দিদেরো
উত্তর: (C) মন্তেস্কু।

২৮। ম্যারাট ছিলেন—
(A) জ্যাকোবিন নেতা (B) জিরন্ডিস্ট নেতা (C) জাতীয় সভার সভাপতি (D) জাতীয় রক্ষীবাহিনীর প্রধান
উত্তর: (A) জ্যাকোবিন নেতা।

২৯। কান্ট ছিলেন—
(A) ফরাসি চিন্তাবিদ (B) ব্রিটিশ কবি (C) জার্মান চিন্তাবিদ (D) পোর্তুগিজ নাট্যকার
উত্তর: (C) জার্মান চিন্তাবিদ।

৩০। ফ্রান্সে তৃতীয় সম্প্রদায় নামে পরিচিত ছিল—
(A) ফ্রান্সের রাজবংশ (B) ফ্রান্সের অভিজাত শ্রেণি (C) ফ্রান্সের যাজক শ্রেণি (D) ফ্রান্সের সাধারণ জনগণ
উত্তর: (D) ফ্রান্সের সাধারণ জনগণ।

৩১। সূর্যরাজা বলা হতো কাকে?
(ক) ত্রয়োদশ লুই (খ) চতুর্দশ লুই (গ) পঞ্চদশ লুই (ঘ) ষোড়শ লুই
উত্তর: (খ) চতুর্দশ লুই।

৩২। কাকে ‘প্রজাপতি রাজা’ বলা হয়েছিল?
(ক) পঞ্চদশ লুই (খ) ষোড়শ লুই (গ) সপ্তদশ লুই (ঘ) অষ্টাদশ লুই
উত্তর: (ক) পঞ্চদশ লুই।

৩৩। ফ্রান্সের জাতীয় সভা একসময় স্থগিত ছিল কত বছর?
(ক) ১০০ বছর (খ) ১৫০ বছর (গ) ১২৫ বছর (ঘ) ১৭৫ বছর
উত্তর: (ঘ) ১৭৫ বছর।

৩৪। ফ্রান্সে রাজার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করেছিল কারা?
(ক) অভিজাত শ্রেণি (খ) বুর্জোয়া শ্রেণি (গ) যাজক শ্রেণি (ঘ) কৃষক শ্রেণি
উত্তর: (ক) অভিজাত শ্রেণি।

৩৫। টেনিস কোর্ট শপথ কত তারিখে হয়েছিল?
(ক) ৪ আগস্ট (খ) ১৭ জুন (গ) ১৪ জুলাই (ঘ) ২০ জুন
উত্তর: (ঘ) ২০ জুন।

৩৬। ‘এসে অন প্রিভিলেজেস’ গ্রন্থটি লিখেছেন—
(ক) আবে সিইয়েস (খ) কেনে (গ) মিরাবো (ঘ) জাঁ পল ম্যারাট
উত্তর: (ক) আবে সিইয়েস।

৩৭। ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান কত সালে রচিত হয়?
(ক) ১৭৮৯ খ্রিস্টাব্দে (খ) ১৭৯৩ খ্রিস্টাব্দে (গ) ১৭৯১ খ্রিস্টাব্দে (ঘ) ১৭৯৫ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৭৯১ খ্রিস্টাব্দে।

৩৮। রাজা ষোড়শ লুই কত সালে ক্ষমতাচ্যুত ও বন্দি হন?
(ক) ১৭৮৯ খ্রিস্টাব্দে (খ) ১৭৯১ খ্রিস্টাব্দে (গ) ১৭৯০ খ্রিস্টাব্দে (ঘ) ১৭৯২ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৭৯২ খ্রিস্টাব্দে।

৩৯। কার মৃত্যুদণ্ডের মাধ্যমে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের সমাপ্তি ঘটে?
(ক) রোবসপিয়ার (খ) ব্রিসো (গ) দাঁতো (ঘ) হিবার্ট
উত্তর: (ক) রোবসপিয়ার।

৪০। মহীশূরের শাসক টিপু সুলতানের সঙ্গে কার সম্পর্ক ছিল?
(ক) জ্যাকোবিন দল (খ) ষোড়শ লুই (গ) জিরন্ডিস্ট দল (ঘ) বুর্জোয়া দল
উত্তর: (ক) জ্যাকোবিন দল।

৪১। পাদুয়ার ঘোষণা কে জারি করেছিলেন?
(ক) চতুর্দশ লুই (খ) ফ্রেডেরিক উইলিয়াম (গ) লিওপোল্ড (ঘ) রোবসপিয়ার
উত্তর: (গ) লিওপোল্ড।

৪২। ‘আমিই রাষ্ট্র’ এ কথা কে বলেছিলেন?
(ক) চতুর্দশ লুই (খ) পঞ্চদশ লুই (গ) ষোড়শ লুই (ঘ) নেপোলিয়ন বোনাপার্ট
উত্তর: (ক) চতুর্দশ লুই।

৪৩। ‘ক্ষমতা বিভাজন নীতি’ সম্পর্কে কে কথা বলেছেন?
(ক) অ্যাডাম স্মিথ (খ) রুশো (গ) ভলতেয়ার (ঘ) মন্তেস্কু
উত্তর: (ঘ) মন্তেস্কু।

৪৪। ফ্রান্সে প্রাক্ বিপ্লবযুগে অর্থলোলুপ নেকড়ের মতো ছিলেন—
(ক) ইনটেনডেন্ট কর্মচারীরা (খ) বিচারকরা (গ) অভিজাতরা (ঘ) বুর্জোয়া
উত্তর: (ক) ইনটেনডেন্ট কর্মচারীরা।

৪৫। সংবিধান সভার নেতৃত্বে ফ্রান্সে ব্যক্তি ও নাগরিকের অধিকার কোথায় এবং কখন ঘোষণা করা হয়েছিল?
(ক) ২৬ জুন (খ) ২৬ আগস্ট (গ) ১৪ জুলাই (ঘ) ২৬ সেপ্টেম্বর
উত্তর: (খ) ২৬ আগস্ট।

৪৬। ফ্রান্সের কর কাঠামোতে ‘গ্যাবেলা’ কী ছিল?
(ক) ভূমিকর (খ) উৎপাদন কর (গ) আয়কর (ঘ) লবণ কর
উত্তর: (ঘ) লবণ কর।

৪৭। ভালমির যুদ্ধ কোন সালে হয়েছিল?
(ক) ১৭৮৯ খ্রিস্টাব্দে (খ) ১৭৯০ খ্রিস্টাব্দে (গ) ১৭৯১ খ্রিস্টাব্দে (ঘ) ১৭৯২ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৭৯২ খ্রিস্টাব্দে।

৪৮। ডাঃ গিলোটিনের মৃত্যু কীভাবে হয়েছিল?
(ক) ফাসিতে (খ) গুলিতে (গ) গিলোটিনে (ঘ) আত্মহত্যা করে
উত্তর: (গ) গিলোটিনে।

৪৯। ক্যালোন ফ্রান্সের কী পদে ছিলেন?
(ক) সেনাপতি (খ) বিদেশমন্ত্রী (গ) প্রধানমন্ত্রি (ঘ) অর্থমন্ত্রী
উত্তর: (ঘ) অর্থমন্ত্রী।

৫০। ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলে কাকে আখ্যায়িত করেছিলেন?
(ক) এডমন্ড বার্ক (খ) অ্যাডাম স্মিথ (গ) কুইসনে (ঘ) দিদেরো
উত্তর: (খ) অ্যাডাম স্মিথ।

৫১। ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বে নেতৃত্ব দেন কে?
(ক) রোবসপিয়ার (খ) মিরাব্যু (গ) দাঁতো (ঘ) অ্যাবে সিয়েস
উত্তর: (ক) রোবসপিয়ার।

৫২। ফিজিওক্র্যাটরা ছিলেন কোন শ্রেণির?
(ক) রাজনীতিবিদ (খ) অর্থনীতিবিদ (গ) সাহিত্যিক (ঘ) দার্শনিক
উত্তর: (খ) অর্থনীতিবিদ।

৫৩। ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় কি ছিল?
(ক) ফ্রান্সের রাজবংশ (খ) ফ্রান্সের অভিজাত শ্রেণি (গ) ফ্রান্সের যাজক শ্রেণি (ঘ) ফ্রান্সের সাধারণ জনগণ
উত্তর: (ঘ) ফ্রান্সের সাধারণ জনগণ।

৫৪। নতুন প্রজাতন্ত্র বর্ষপঞ্জি কবে প্রবর্তিত হয়েছিল?
(ক) সংবিধানের কার্যকালে (খ) সন্ত্রাসের রাজত্বকালে (গ) ডাইরেক্টরি শাসনকালে (ঘ) কনসুলেটের শাসনকালে
উত্তর: (খ) সন্ত্রাসের রাজত্বকালে।

৫৫। ফ্রান্সে অষ্টাদশ শতকে শাসনকারী রাজবংশটি ছিল কোনটি?
(ক) বুরবো বংশ (খ) অটোমান বংশ (গ) ক্যারোলিঞ্জিয়ান বংশ (ঘ) অর্লিয়েন্স বংশ
উত্তর: (ক) বুরবো বংশ।

৫৬। প্রাক্ বিপ্লবযুগে ফ্রান্সে অর্থলোলুপ যে শ্রেণি ছিল তা ছিল?
(ক) ইনটেনডেন্ট নামক কর্মচারী (খ) বিচারকরা (গ) অভিজাতরা (ঘ) বুর্জোয়া
উত্তর: (খ) বিচারকরা।

৫৭। রাজা ষোড়শ লুই কোন স্থানে ধরা পড়েছিলেন যখন তিনি দেশত্যাগের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন?
(ক) ভার্সাই (খ) তুলো (গ) নান্টেস (ঘ) ভারেনে
উত্তর: (ঘ) ভারেনে।

৫৮। ফরাসি রাজ চতুর্দশ লুই-এর শাসনকাল ছিল কোন সময়কাল?
(ক) ১৬৪৩-১৭১৫ খ্রিস্টাব্দ (খ) ১৬৪৩-১৭২০ খ্রিস্টাব্দ (গ) ১৬৬০-১৭২০ খ্রিস্টাব্দ (ঘ) ১৬৬৩-১৭১৫ খ্রিস্টাব্দ
উত্তর: (ক) ১৬৪৩-১৭১৫ খ্রিস্টাব্দ।

৫৯। ফরাসি সমাজে ‘অধিকারহীন’ শ্রেণি কী নামে পরিচিত ছিল?
(ক) যাজক ও অভিজাতদের (খ) সাঁ কুলোৎদের (গ) অভিজাতদের (ঘ) যাজকদের
উত্তর: (খ) সাঁ কুলোৎদের।

৬০। ফ্রান্সে 'ইনটেনডেন্ট'দের কাজ কি ছিল?
(ক) সরকারি কর্মচারী (খ) রাজবন্দী (গ) বেসরকারি কর্মচারী (ঘ) সংগীত শিল্পী
উত্তর: (ক) সরকারি কর্মচারী।

৬১। অর্থমন্ত্রী কোন বছর অভিজাতদের মধ্যে মুখ্য ব্যক্তিদের সভা বা ‘গণ্যমান্যদের পরিষদ’ আহ্বান করেছিলেন?
(ক) লুই তুর্গো (খ) নেকার (গ) ক্যালোন (ঘ) ব্রিয়া
উত্তর: (গ) ক্যালোন।

৬২। সংবিধান সভার নেতৃত্বে ফ্রান্সে সামন্ততন্ত্রের অবসান ঘটে কোন তারিখে?
(ক) ৪ জুলাই (খ) ৪ আগস্ট (গ) ২৬ আগস্ট (ঘ) ২০ জুন
উত্তর: (খ) ৪ আগস্ট।

৬৩। ধমর্যাজকদের সংবিধান (Civil Constitution of the Clergy, 1791) দ্বারা কি হয়েছিল?
(ক) গির্জার ওপর পোপের কর্তৃত্বের অবসান ঘটে (খ) গির্জার ওপর পোপের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় (গ) গির্জার ওপর পোপের কর্তৃত্ব কিছুটা কমে যায় (ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) গির্জার ওপর পোপের কর্তৃত্বের অবসান ঘটে।

৬৪। 'ওয়েলথ অব নেশন' গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
(ক) রুশো (খ) ভলতেয়ার (গ) অ্যাডাম স্মিথ (ঘ) মন্তেস্কু
উত্তর: (গ) অ্যাডাম স্মিথ।

 ✍️একটি বাক্যে উত্তর দাও(প্রশ্নের মান-১):

১। "আমিই রাষ্ট্র" - এই উক্তিটি কে করেছেন?

উত্তর:- এই উক্তি ফরাসি সম্রাট চতুর্দশ লুই-এর।

২। "আমি যা চাই, সেটাই আইন" - এটি কার উক্তি?

উত্তর:- এই উক্তিটি করেছেন ফরাসি সম্রাট ষোড়শ লুই।

৩। বিপ্লব বলতে কী বোঝানো হয়?

উত্তর:- বিপ্লব হলো প্রচলিত ব্যবস্থার দ্রুত এবং মৌলিক রূপান্তর।

৪। "আমার পর প্লাবন আসুক" - এই কথা কে বলেছেন?

উত্তর:- এই উক্তিটি ফরাসি সম্রাট পঞ্চদশ লুই-এর।

৫। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে?

উত্তর:- ফরাসি বিপ্লব চলাকালীন ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।

৬। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানির নাম কী ছিল?

উত্তর:- সেই সময় ফ্রান্সের রানি ছিলেন মেরি আঁতোয়ানেত।

৭। ফ্রান্সে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত অভিজাতদের কী নামে ডাকা হত?

উত্তর:- তাদের ‘নবিলিটি অব দ্য সৌর্ড’ নামে অভিহিত করা হতো।

৮। ক্ষমতার পৃথকীকরণের ধারণা কার দ্বারা প্রবর্তিত হয়েছিল?

উত্তর:- দার্শনিক মন্তেস্কু এই ধারণার প্রবক্তা।

৯। ফরাসি বিপ্লব কখন এবং কোন বংশের শাসনামলে হয়েছিল?

উত্তর:- ফরাসি বিপ্লব ঘটে ১৭৮৯ সালে, যা বুরবোঁ রাজবংশের শাসনকালে সংঘটিত হয়েছিল।

১০। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সকে "রাজনৈতিক কারাগার" আখ্যা দিয়েছিলেন কে?

উত্তর:- দার্শনিক ভলতেয়ার ফ্রান্সকে এই নামে অভিহিত করেছিলেন।

১১। "জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তির উৎস" - কে এই কথা বলেছেন?

উত্তর:- এই উক্তিটি করেছেন ফরাসি দার্শনিক রুশো।

১২। কাকে ফরাসি বিপ্লবের জনক হিসেবে ধরা হয়?

উত্তর:- ফরাসি দার্শনিক রুশোকে ‘ফরাসি বিপ্লবের জনক’ বলা হয়।

১৩। ‘দ্য ওয়েলথ অফ নেশনস’ বইটির লেখক কে?

উত্তর:- ‘দ্য ওয়েলথ অফ নেশনস’ গ্রন্থের লেখক হলেন অ্যাডাম স্মিথ।

১৪। একটি বিশ্বকোষের (Encyclopedia) প্রণেতার নাম কী?

উত্তর:- বিশ্বকোষের একজন প্রণেতা হলেন দেনিস দিদেরো।

১৫। ষোড়শ লুই কে ছিলেন?

উত্তর:- ষোড়শ লুই ছিলেন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা।

১৬। ফরাসি বিপ্লব শুরু হওয়ার সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?

উত্তর:- ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।

১৭। মেরি আঁতোয়ানেত কে ছিলেন?

উত্তর:- মেরি আঁতোয়ানেত ছিলেন রাজা ষোড়শ লুই-এর স্ত্রী।

১৮। ফরাসি বিপ্লব কবে শুরু হয়েছিল?

উত্তর:- ফরাসি বিপ্লব শুরু হয়েছিল ১৭৮৯ সালে।

১৯। ষোড়শ লুই কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন?

উত্তর:- ষোড়শ লুই বুরবোঁ রাজবংশের সদস্য ছিলেন।

২০। "আমিই রাষ্ট্র" উক্তিটি কে করেছিলেন?

উত্তর:- এই বিখ্যাত উক্তিটি ফরাসি সম্রাট চতুর্দশ লুই-এর।

২১। ফ্রান্সের বুরবোঁ রাজারা কোন মতবাদে বিশ্বাসী ছিলেন?

উত্তর:- ফ্রান্সের বুরবোঁ রাজারা রাজার দৈব অধিকার বা Divine Right তত্ত্বে বিশ্বাস করতেন।

২২। ‘দ্য স্পিরিট অফ লজ’ গ্রন্থটি কে লিখেছিলেন?

উত্তর:- ‘দ্য স্পিরিট অফ লজ’ গ্রন্থের লেখক ছিলেন মন্তেস্কু।

২৩। ইনটেনডেন্ট কারা ছিলেন?

উত্তর:- ফ্রান্সে বিপ্লব-পূর্ব সময়ে রাজস্ব সংগ্রহের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ইনটেনডেন্ট বলা হতো।

২৪। ‘দ্য পার্সিয়ান লেটারস’ বইটির লেখক কে?

উত্তর:- ‘দ্য পার্সিয়ান লেটারস’ বইটি লিখেছেন মন্তেস্কু।

২৫। কোন দার্শনিক রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে বন্দি ছিলেন?

উত্তর:- দার্শনিক ভলতেয়ার রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন।

২৬। ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম কী?

উত্তর:- ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করগুলোর মধ্যে টেইলি, ক্যাপিটেশন, এবং ভিংটিয়েমে উল্লেখযোগ্য।

২৭। ‘লেতর ফিলজফিক’ গ্রন্থটি কার লেখা?

উত্তর:- ‘লেতর ফিলজফিক’ গ্রন্থটি লিখেছিলেন ভলতেয়ার।

২৮। কোন বইকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়?

উত্তর:- রুশো রচিত ‘সোশ্যাল কন্ট্রাক্ট’ বা ‘সামাজিক চুক্তি’ বইটিকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়।

২৯। ‘সামাজিক চুক্তি’ গ্রন্থটি কে লিখেছিলেন?

উত্তর:- ‘সামাজিক চুক্তি’ (Social Contract) বইটির লেখক ছিলেন রুশো।

৩০। ফরাসি যাজকদের আদায় করা করের কয়েকটি উদাহরণ কী?

উত্তর:- ফরাসি যাজকদের আদায় করা করগুলোর মধ্যে টাইদ বা ধর্মকর, মৃত্যুকর, এবং বিবাহকর উল্লেখযোগ্য।

৩১। প্রাক-বিপ্লব ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলে কে বর্ণনা করেছিলেন?

উত্তর:- ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ প্রাক-বিপ্লব ফ্রান্সকে এইভাবে বর্ণনা করেছিলেন।

৩২। ফরাসি যাজকরা ক’টি শ্রেণিতে বিভক্ত ছিল?

উত্তর:- ফরাসি যাজকরা প্রধানত উচ্চ যাজক এবং নিম্ন যাজক এই দুই শ্রেণিতে বিভক্ত ছিলেন।

৩৩। ফ্রান্সের কোন শ্রেণিগুলি কর প্রদানে অব্যাহতি পেয়েছিল?

উত্তর:- ফ্রান্সের যাজক সম্প্রদায় এবং অভিজাত শ্রেণি বাধ্যতামূলক কর প্রদানে অব্যাহতি পেয়েছিল।

৩৪। সাঁকুলোৎ বলতে কাদের বোঝাত?

উত্তর:- ফরাসি বিপ্লবের সময় দরিদ্র শ্রমজীবী এবং নিঃস্ব জনতাকে সাঁকুলোৎ বলা হতো।

৩৫। ‘তৃতীয় সম্প্রদায় কী?’ বইটি কে লিখেছিলেন?

উত্তর:- ‘তৃতীয় সম্প্রদায় কী?’ বইটি লিখেছিলেন আবে সিইয়েস।

৩৬। ইনটেনডেন্টদের ভূমিকা কী ছিল?

উত্তর:- ইনটেনডেন্টদের কাজ ছিল আইনশৃঙ্খলা রক্ষা এবং রাজস্ব সংগ্রহ।

৩৭। ‘স্পিরিট অব লজ’ এবং ‘দ্য পার্সিয়ান লেটার্স’ বই দুটি কে লিখেছিলেন?

উত্তর:- মন্তেস্কু এই দুটি বই রচনা করেছিলেন।

৩৮। ভলতেয়ারের দুটি বিখ্যাত বইয়ের নাম কী?

উত্তর:- ভলতেয়ারের দুটি বিখ্যাত বই হলো ‘কাঁদিদ’ এবং ‘ফিলোজফিকাল ডিকশনারি’।

৩৯। রুশোর দুটি উল্লেখযোগ্য বইয়ের নাম কী?

উত্তর:- রুশোর দুটি উল্লেখযোগ্য বই হলো ‘অসাম্যের সূত্রপাত’ এবং ‘সামাজিক চুক্তি’।

৪০। বিশ্বকোষ সংকলনে কারা অংশগ্রহণ করেছিলেন?

উত্তর:- দার্শনিক ডেনিস দিদেরো এবং ডি’ এলেমবার্ট বিশ্বকোষ সংকলন করেছিলেন।

৪১। ‘সাম্য, মৈত্রী ও স্বাধীনতা’র ধারণা প্রথম কে দিয়েছিলেন?

উত্তর:- ফরাসি দার্শনিক রুশো প্রথম ‘সাম্য, মৈত্রী ও স্বাধীনতা’র ধারণা দিয়েছিলেন।

৪২। ফরাসি বিপ্লবের তিনটি মূলনীতি কী ছিল?

উত্তর:- ফরাসি বিপ্লবের তিনটি মূলনীতি ছিল সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা।

৪৩। এমিগ্রি বলতে কাদের বোঝাত?

উত্তর:- ফরাসি বিপ্লবের সময় যারা দেশত্যাগ করেছিল, সেই অভিজাত সম্প্রদায়কে এমিগ্রি বলা হতো।

৪৪। বেবিউফ কে ছিলেন?

উত্তর:- বেবিউফ ছিলেন জ্যাকোবিন দলের একজন নেতা এবং সমতার নীতির প্রবক্তা।

৪৫। সন্ত্রাসের শাসনের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজন ব্যক্তির নাম কী?

উত্তর:- সন্ত্রাসের শাসনের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন মেরি আঁতোয়ানেত, মাদাম রোলাঁ, ব্রিসো, বারনাভ, বেইলি, হিবার্ট এবং দাঁতো।

৪৬। জ্যাকোবিন দলের তিনজন নেতার নাম লেখো।

উত্তর:- জ্যাকোবিন দলের তিনজন নেতা ছিলেন রোবসপিয়ার, দাঁতো এবং হিবার্ট।

৪৭। রোবসপিয়ার কে ছিলেন?

উত্তর:- রোবসপিয়ার ছিলেন ফ্রান্সের সন্ত্রাসের শাসনের সময় প্রধান নেতা এবং এই শাসনের মূল পরিকল্পনাকারী।

৪৮। ফ্রান্সে ‘লাল সন্ত্রাসের’ প্রধান নেতা কে ছিলেন?

উত্তর:- ফ্রান্সে ‘লাল সন্ত্রাসের’ প্রধান নেতা ছিলেন রোবসপিয়ার।

৪৯। সন্ত্রাসের শাসনের সময়কার কয়েকজন নেতার নাম লেখো।

উত্তর:- সন্ত্রাসের শাসনের সময়কার নেতাদের মধ্যে ছিলেন রোবসপিয়ার, দাঁতো এবং হিবার্ট।

৫০। ফরাসি বিপ্লবের সময় কোন দুটি রাজনৈতিক দল গঠিত হয়েছিল?

উত্তর:- ফরাসি বিপ্লবের সময় গঠিত দুটি রাজনৈতিক দল ছিল জিরন্ডিস্ট এবং জ্যাকোবিন।

৫১। ফ্রান্সে রাজতন্ত্র উচ্ছেদ করার সিদ্ধান্ত কখন এবং কারা নেন?

উত্তর:- ১৭৯২ সালে ফ্রান্সে জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন রাজতন্ত্র উচ্ছেদের সিদ্ধান্ত নেয়।

৫২। ‘পুরাতনতন্ত্রের মৃত্যু-পরোয়ানা’ বলে কোন ঘোষণাকে অভিহিত করা হয়েছিল, এবং কে এটি বলেছিলেন?

উত্তর:- ঐতিহাসিক ওলার ‘মানব ও নাগরিক অধিকারের ঘোষণা’-কে ‘পুরাতনতন্ত্রের মৃত্যু-পরোয়ানা’ বলে অভিহিত করেছিলেন।

৫৩। কে এবং কখন ‘মানব ও নাগরিক অধিকারের ঘোষণা’ জারি করেছিলেন?

উত্তর:- ১৭৮৯ সালের ২৬ আগস্ট ফরাসি সংবিধান সভা ‘মানব ও নাগরিক অধিকারের ঘোষণা’ জারি করেছিল।

৫৪। কোন ঘটনার ফলে ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন ডাকার প্রতিশ্রুতি দেন?

উত্তর:- অভিজাত বিদ্রোহের কারণে ষোড়শ লুই ১৭৮৮ সালে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

৫৫। টেনিস কোর্টের শপথ কখন নেওয়া হয়েছিল?

উত্তর:- টেনিস কোর্টের শপথ নেওয়া হয়েছিল ১৭৮৯ সালের ২০ জুন।

৫৬। টেনিস কোর্টের শপথ কারা নিয়েছিলেন?

উত্তর:- ফরাসি স্টেটস জেনারেলের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা টেনিস কোর্টের শপথ গ্রহণ করেছিলেন।

৫৭। পঞ্চদশ লুই কোন দুটি যুদ্ধে অংশগ্রহণ করে রাজকোষের বিপুল অর্থ ব্যয় করেছিলেন?

উত্তর:- পঞ্চদশ লুই অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ (১৭৪০-১৭৪৮) এবং সপ্তবর্ষের যুদ্ধ (১৭৫৬-১৭৬৩)-এ অংশগ্রহণ করে রাজকোষের বিপুল অর্থ ব্যয় করেন।

৫৮। ফরাসি জাতীয় পরিষদের নাম কী ছিল?

উত্তর:- ফরাসি জাতীয় পরিষদের নাম ছিল স্টেটস জেনারেল।

৫৯। আর্থিক সংকট মোকাবিলার জন্য রাজা ষোড়শ লুই কাদের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেছিলেন?

উত্তর:- আর্থিক সংকট কাটাতে রাজা ষোড়শ লুই তুর্গো, নেকার, ক্যালোন এবং ব্রিয়াঁ-কে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেছিলেন।

✍️দুই বা তিনটি বাক্যে উত্তর দাও(প্রশ্নের মান-২):

১। করভি বলতে কী বোঝায়?

উত্তরঃ- সামন্ততান্ত্রিক শাসনব্যবস্থায় জমির মালিক বা সামন্ত প্রভুরা কৃষকদের কাছ থেকে বিনা মজুরিতে শ্রম আদায় করতেন। এই বাধ্যতামূলক শ্রম প্রদান প্রথাকে করভি বলা হয়। এটি ছিল সামন্ত প্রভুর প্রতি কৃষকদের আর্থিক ও কায়িক শ্রম দানের একটি প্রচলিত ব্যবস্থা।

২। ফিজিওক্র্যাট কারা ছিলেন?

উত্তরঃ- ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সময়ে এমন কিছু অর্থনীতিবিদ ছিলেন যারা মার্কেন্টাইল মতবাদের বিরোধিতা করতেন এবং অ্যাডাম স্মিথের তত্ত্ব দ্বারা প্রভাবিত ছিলেন। তারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পরিবর্তে অবাধ বাণিজ্য এবং ব্যক্তিগত উদ্যোগে শিল্প প্রতিষ্ঠার পক্ষে মত প্রকাশ করেন। এদেরই ফিজিওক্র্যাট বলা হয়।

৩। অঁসিয়াঁ রেজিম বলতে কী বোঝায়?

উত্তরঃ- ফরাসি বিপ্লবের (১৭৮৯) পূর্বে ফ্রান্সসহ ইউরোপের বেশিরভাগ দেশে প্রচলিত পুরাতন শাসনব্যবস্থা, যা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের উপর ভিত্তি করে গঠিত ছিল, তাকে অঁসিয়াঁ রেজিম বলা হয়। এটি সামন্ততান্ত্রিক এবং অভিজাত শ্রেণির দ্বারা প্রভাবিত ছিল।

৪। টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝায়?

উত্তরঃ- ১৭৮৯ সালের ২০ জুন ফরাসি জাতীয় সভার তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা যখন সভাকক্ষে প্রবেশ করতে পারেননি, তখন মিরাবো ও আব্বে সিয়েসের নেতৃত্বে তারা একটি টেনিস খেলার মাঠে জড়ো হন। সেখানে তারা শপথ নেন যে, ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এই ঘটনাটি ইতিহাসে টেনিস কোর্টের শপথ নামে পরিচিত।

৫। গ্রেট ফেয়ার বা মহা আতঙ্ক কী?
উত্তরঃ- বাস্তিল দুর্গের পতনের পর ফ্রান্সের শহরাঞ্চলে বিপ্লবের ছড়িয়ে পড়ার সাথে সাথে গ্রামাঞ্চলে গুজব ছড়াতে থাকে যে অভিজাতদের গুন্ডা এবং সেনাবাহিনী কৃষকদের আক্রমণ করতে আসছে। এই গুজবের ফলে গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা 'মহা আতঙ্ক' নামে পরিচিত।

৬। 'সেপ্টেম্বর হত্যাকাণ্ড' কী?
উত্তরঃ- ১৭৯২ খ্রিস্টাব্দের ২ থেকে ৫ সেপ্টেম্বর ফ্রান্সে রাজতন্ত্রের সমর্থকদের বন্দী করে জনতা তাদের নির্বিচারে হত্যা করেছিল। এই ঘটনাটি 'সেপ্টেম্বর হত্যাকাণ্ড' নামে পরিচিত।

৭। 'সন্ত্রাসের রাজত্ব' কী?
উত্তরঃ- ফ্রান্সের জ্যাকোবিন দল ১৭৯৩ খ্রিস্টাব্দের জুন থেকে ১৭৯৪ খ্রিস্টাব্দের জুলাই পর্যন্ত ১৩ মাসের একটি কেন্দ্রীভূত স্বৈরশাসন কায়েম করেছিল। তারা বিপ্লব এবং জাতীয় নিরাপত্তার জন্য ভয় এবং সহিংসতার মাধ্যমে শাসন করেছিল। এই সময়কালকে ‘সন্ত্রাসের রাজত্ব’ বলা হয়।

৮। প্যারি কমিউন কী?
উত্তরঃ- বাস্তিল দুর্গের পতনের পর বিপ্লবী জনতা প্যারিস শহরের পৌর প্রশাসন পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেছিল, যাকে প্যারি কমিউন বলা হয়।

৯. অভিজাত বিদ্রোহ বলতে কী বোঝায়?
উত্তর: ১৭৮৮ সালে ফরাসি রাজা ষোড়শ লুই নতুন কর ব্যবস্থা চালু করতে উদ্যোগী হলে, অভিজাতরা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এই বিদ্রোহের ঘটনাকে অভিজাত বিদ্রোহ বলা হয়।

১০. মন্তেস্কু কে ছিলেন? তার দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখ।
উত্তর: মন্তেস্কু ছিলেন একজন ফরাসি দার্শনিক, যিনি শাসনব্যবস্থায় ভারসাম্যের পক্ষে এবং একনায়কতন্ত্রের বিপক্ষে মত প্রকাশ করেছিলেন। তার দুটি বিখ্যাত গ্রন্থ হলো "দ্য স্পিরিট অফ লজ" এবং "দ্য পার্সিয়ান লেটারস"

১১. সাঁকুলো কারা ছিলেন?
উত্তর: সাঁকুলো বলতে ফরাসি বিপ্লবের সময় শহরের নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষদের বোঝানো হতো। তাদের মধ্যে দিনমজুর, কাঠুরে, গৃহকর্মীসহ সাধারণ শ্রমজীবী মানুষ অন্তর্ভুক্ত ছিল। তারা বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

১২. ফরাসি সমাজে বুর্জোয়া বলতে কাদের বোঝানো হতো?
উত্তর: বুর্জোয়া বলতে ফরাসি সমাজে তৃতীয় সম্প্রদায়ভুক্ত মধ্যবিত্ত শ্রেণিকে বোঝানো হতো। তারা বিদ্যা ও ধনবলে এগিয়ে থাকলেও বংশমর্যাদার অভাবে সমাজ ও রাষ্ট্রে মর্যাদা পেত না।

১৩. ফরাসি সমাজে তৃতীয় সম্প্রদায় কারা ছিলেন?
উত্তর: তৃতীয় সম্প্রদায় বলতে ফরাসি বিপ্লবের পূর্বে যাজক ও অভিজাত শ্রেণি বাদে সাধারণ জনগণকে বোঝানো হতো। এতে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, এবং অন্যান্য সাধারণ পেশাজীবীরা অন্তর্ভুক্ত ছিল।

১৪. প্রথম সম্প্রদায় বলতে কারা পরিচিত ছিলেন?
উত্তর: ফরাসি বিপ্লবের পূর্বে প্রথম সম্প্রদায় বলতে যাজকদের বোঝানো হতো। তারা ছিলেন সমাজের প্রভাবশালী শ্রেণি এবং কর প্রদানের দায় থেকে মুক্ত ছিলেন।

১৫. ইনটেনডেন্ট কারা ছিলেন?
উত্তর: ইনটেনডেন্ট ছিলেন ফরাসি রাজাদের অধীনস্থ রাজস্ব কর্মকর্তা, যারা রাজস্ব সংগ্রহসহ বিভিন্ন প্রশাসনিক কাজের দায়িত্বে ছিলেন। তাদের ক্ষমতার অপব্যবহারে সাধারণ মানুষ প্রায়ই ভোগান্তির শিকার হতো।

১৬. কেন বাস্তিল দুর্গকে রাজনৈতিক কারাগার বলা হতো?
উত্তর: বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজাদের বিরোধীদের আটক রাখার স্থান। রাজকীয় আদেশে কাউকে বিচার ছাড়াই এই দুর্গে বন্দি করে রাখা হতো। এজন্য একে রাজনৈতিক কারাগার বলা হয়।

১৭. ফ্রান্সকে 'ভ্রান্ত অর্থনীতির জাদুঘর' বলা হয়েছে কেন?
উত্তর: অ্যাডাম স্মিথ ফ্রান্সের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক ব্যবস্থার কারণে একে "ভ্রান্ত অর্থনীতির জাদুঘর" বলে অভিহিত করেন। অভিজাত ও যাজকরা কর দিতেন না, অথচ সাধারণ জনগণকে সমস্ত কর দিতে হতো।

১৮. ব্রান্সউইক ঘোষণা কী?
উত্তর: ফরাসি বিপ্লব চলাকালে প্রাশিয়া ও অস্ট্রিয়ার সেনাপতি ডিউক অফ ব্রান্সউইক একটি ঘোষণা দেন, যাতে ফরাসি রাজপরিবারের ক্ষতি হলে প্যারিস ধ্বংস করার হুমকি দেওয়া হয়। এটি ব্রান্সউইক ঘোষণা নামে পরিচিত।

১৯. অ্যাসাইনেট বলতে কী বোঝায়?
উত্তর: অ্যাসাইনেট ছিল এক প্রকার কাগজের মুদ্রা, যা ফ্রান্সের সংবিধান সভা গির্জার সম্পত্তি বাজেয়াপ্ত করে চালু করেছিল। এটি অর্থনৈতিক সমস্যার সমাধানের একটি প্রচেষ্টা ছিল।

২০. টাইথ কী ছিল?
উত্তর: টাইথ ছিল একটি ধর্মীয় কর, যা সাধারণ জনগণ গির্জাকে প্রদান করত। তাদের ফসলের ১০ শতাংশ কর হিসেবে দিতে হতো।

২১. ভিংটিয়েমে বলতে কী বোঝায়?
উত্তর: ভিংটিয়েমে ছিল ফরাসি সমাজে আরোপিত এক প্রকার আয়কর, যা প্রধানত কৃষকদের উপর চাপানো হতো। এটি মোট আয়ের ৫% ছিল।

২২. ক্যাপিটেশন কী?
উত্তর: ক্যাপিটেশন ছিল ফ্রান্সের একটি প্রত্যক্ষ কর, যা জনগণের উৎপাদনের উপর ধার্য করা হতো। এটি শুধুমাত্র সাধারণ মানুষকেই দিতে হতো, যাজক ও অভিজাতরা এর থেকে মুক্ত ছিলেন।

২৩. টেইলি কী?
উত্তর: টেইলি ছিল ফ্রান্সে প্রচলিত একটি প্রত্যক্ষ কর। এটি মূলত ভূমির উপর ধার্য করা হতো, কিন্তু বাস্তবে দরিদ্র কৃষকদের উপরই এই করের ভার পড়ত।

 

✍️সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-৪):

১. সাঁকুলো কারা এবং তারা কীভাবে ফরাসি বিপ্লবে ভূমিকা রেখেছিল?

উত্তর:
সাঁকুলো ছিল প্যারিসের নিম্নবিত্ত শ্রমজীবী মানুষ। এদের মধ্যে শ্রমিক, কারিগর, দিনমজুর, রাজমিস্ত্রি ও জেলে অন্তর্ভুক্ত ছিল। তারা সাধারণত ধনী অভিজাতদের মতো বিলাসী পোশাক পরত না এবং সাধারণ ট্রাউজার পরত। সাঁকুলোরা শহরের অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করত। তারা দরিদ্র হওয়ায় প্রতিনিয়ত খাদ্য ও বেঁচে থাকার জন্য লড়াই করত। তাদের মধ্যে অনেকে বিপ্লবী চেতনা ধারণ করত। তারা বাস্তিল দুর্গের পতনসহ বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ডে অংশ নেয়। অভিজাতদের প্রতি তাদের ঘৃণা বিপ্লবে তাদের সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত করে। তারা ফরাসি বিপ্লবকে এগিয়ে নিতে সামনের সারিতে থেকে কাজ করে। তাদের সংগ্রাম রাজতন্ত্রের পতনে বড় ভূমিকা পালন করে।


২. ফ্রান্সকে কেন "ভ্রান্ত অর্থনীতির জাদুঘর" বলা হয়?

উত্তর:
ফ্রান্সের রাজস্বব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ ও অন্যায্য। দরিদ্র জনগণ পুরো করভার বহন করলেও অভিজাত ও যাজক সম্প্রদায় করমুক্ত ছিল। অমিতব্যয়ী রাজকীয় খরচ অর্থনৈতিক সংকটকে বাড়িয়ে তোলে। যুদ্ধের জন্য ব্যাপক অর্থ ব্যয় ফরাসি অর্থনীতিকে দুর্বল করে। জনসংখ্যা বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। প্রাকৃতিক দুর্যোগের কারণে শস্যহানি পরিস্থিতি আরও খারাপ করে। এই কারণে রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়ে। আর্থিক সংকট সমাধানে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। এই অর্থনৈতিক বিশৃঙ্খলাকে অ্যাডাম স্মিথ "ভ্রান্ত অর্থনীতির জাদুঘর" বলে অভিহিত করেন।


৩. ফ্রান্সের করব্যবস্থা বৈষম্যমূলক কেন ছিল?

উত্তর:
ফ্রান্সের করব্যবস্থা ছিল সম্পূর্ণ বৈষম্যমূলক। দরিদ্র কৃষক ও সাধারণ মানুষ পুরো করভার বহন করত। প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়ের যাজক ও অভিজাতরা কর প্রদানে ছাড় পেত। রাজস্ব আদায়ে কোনো নির্দিষ্ট নীতি বা পরিকল্পনা ছিল না। কর আদায়কারীরা জনগণের কাছ থেকে নির্ধারিত করের অতিরিক্ত অর্থ আদায় করত। এই প্রক্রিয়ায় তারা জনগণের উপর অকথ্য অত্যাচার চালাত। রাজকর্মচারীরা বাণিজ্যশুল্ক আদায়ের সময় দুর্নীতি করত। এসব কারণে দরিদ্র জনগণের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে ওঠে। এই বৈষম্য সমাজে ক্ষোভ সৃষ্টি করে। ফলে ফরাসি বিপ্লবের পটভূমি তৈরি হয়।

 

✍️রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-৮):

১. ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: ফরাসি বিপ্লব ছিল বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণের পাশাপাশি দার্শনিকদের চিন্তাভাবনা এই বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাদের কাজ ও লেখনী সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে।

  1. মন্তেস্কু:
    মন্তেস্কু ছিলেন একজন ফরাসি দার্শনিক এবং আইনজীবী। তার বিখ্যাত গ্রন্থ "দ্য স্পিরিট অফ লজ"-এ তিনি ক্ষমতার ভারসাম্যের কথা বলেছেন। তিনি রাজার ঐশ্বরিক অধিকার ও একনায়কতন্ত্রের বিরোধিতা করেন এবং শাসনব্যবস্থায় নির্বাহী, বিচারবিভাগ ও আইন প্রণয়নের মধ্যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ সমর্থন করেন। তার আরেকটি গ্রন্থ "দ্য পার্সিয়ান লেটারস"-এ তিনি ফ্রান্সের অভিজাত সমাজ ও রাজতন্ত্রের সমালোচনা করেন।

  2. ভলতেয়ার:
    ভলতেয়ার ছিলেন একজন প্রভাবশালী দার্শনিক, নাট্যকার এবং সাহিত্যিক। তিনি গির্জার দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং রাষ্ট্রের অত্যাচার নিয়ে কড়া সমালোচনা করেন। তার কাজ ফরাসি সমাজে বড় ধরনের জাগরণ সৃষ্টি করে। ভলতেয়ারের দুটি বিখ্যাত রচনা হল "কাঁদিদ" এবং "লেতর ফিলোজফিক"

  3. রুশো:
    রুশোকে ফরাসি বিপ্লবের মূল প্রভাবক বলা হয়। তার বিখ্যাত গ্রন্থ "দ্য সোশ্যাল কন্ট্রাক্ট"-এ তিনি লিখেছিলেন, "মানুষ স্বাধীন জন্মায়, কিন্তু সর্বত্র শৃঙ্খলে আবদ্ধ থাকে।" তার আরেকটি রচনা "অরিজিন অফ ইনইক্যালিটি"-তে তিনি সামাজিক বৈষম্য ও কুসংস্কার নিয়ে কড়া সমালোচনা করেন। তার চিন্তাধারা রাজতন্ত্র ও অভিজাততন্ত্রের ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে এবং সাধারণ মানুষকে প্রভাবিত করে।

এই দার্শনিকদের মতবাদ ফরাসি জনগণের মধ্যে সমতা, স্বাধীনতা ও গণতন্ত্রের ধারণা প্রতিষ্ঠা করে এবং ফরাসি বিপ্লবের পেছনে বড় ভূমিকা পালন করে।


২. বাস্তিল দুর্গের পতনের কারণ এবং এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: ফরাসি রাজা ষোড়শ লুই জনগণের দাবির মুখে তিন সম্প্রদায়ের একত্রে অধিবেশন ও মাথাপিছু ভোটের ব্যবস্থা মেনে নেন। যদিও তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন চাপে পড়ে, মন থেকে তা মেনে নিতে পারেননি। এর ফলে, তিনি প্যারিস ও ভার্সাইয়ে ৩০ হাজার সেনা মোতায়েন করেন। এর পাশাপাশি, অর্থমন্ত্রী নেকারকে বরখাস্ত করলে প্যারিসের জনসাধারণ হিংসাত্মক প্রতিবাদে জড়িয়ে পড়ে।

উন্মত্ত জনতা রাস্তায় ব্যারিকেড তৈরি করে অস্ত্রের দোকান ও গির্জা লুট করে। ঠিক সেই সময় খাদ্যের দাবিতে গ্রামের মানুষ প্যারিসে এসে বিক্ষোভে যোগ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। ১৭৮৯ সালের ১৪ জুলাই প্রায় ৭-৮ হাজার জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে, রক্ষীদের হত্যা করে এবং বন্দিদের মুক্তি দেয়।

বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচার ও দমননীতির প্রতীক। এর পতন রাজতন্ত্র ও অভিজাততন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রথম বড় আঘাত ছিল। এই ঘটনার মাধ্যমে প্যারিসের ক্ষমতা বুর্জোয়াদের হাতে চলে যায় এবং তারা প্যারিস কমিউন গঠন করে শাসন শুরু করে। ঐতিহাসিক গুডউইন একে "বিশ্বজুড়ে স্বাধীনতার সূচনা" হিসেবে বর্ণনা করেছেন।

৪.৩. ফ্রান্সে নাগরিকের গণতান্ত্রিক অধিকার সংক্রান্ত ঘোষণাপত্রের বিস্তারিত আলোচনা করুন।
উত্তর:
ফরাসি সংবিধান সভা সংবিধান রচনার পূর্বে "ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র" নামে একটি গুরুত্বপূর্ণ দলিল প্রকাশ করে, যা ফরাসি বিপ্লবের ভিত্তি রচনা করে।

ব্যক্তি ও নাগরিকের অধিকার সংক্রান্ত ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু:

(১) ঘোষণাপত্রের প্রেরণা:
ফরাসি সংবিধান সভা দ্বারা প্রকাশিত এই ঘোষণাপত্রে "আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র", "ইংল্যান্ডের ম্যাগনা কার্টা", "বিল অফ রাইটস" এবং দার্শনিকদের চিন্তা যেমন লক, রুশো, মন্তেস্কু প্রমুখের প্রভাব লক্ষ্য করা যায়। এই চিন্তাভাবনাগুলোই ফরাসি জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সহায়ক ভূমিকা রেখেছিল।

(২) মানুষের অধিকার ঘোষণা:
ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রে বিশেষভাবে কিছু মৌলিক অধিকার উল্লেখ করা হয়েছিল, যেমন:

  • (১) মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং মুক্ত।
  • (২) মানুষের জন্মগত অধিকারগুলি পবিত্র এবং অবিচ্ছেদ্য।
  • (৩) আইন সকল মানুষের জন্য সমান।
  • (৪) জনগণ রাষ্ট্রের প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী।
  • (৫) যোগ্যতা অনুসারে সরকারি চাকরিতে নিয়োগ পাওয়ার অধিকার।
  • (৬) বাক্‌স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, এবং সম্পত্তির অধিকার মানুষের মৌলিক অধিকার।

(৩) ঘোষণাপত্রের সীমাবদ্ধতা:
এই ঘোষণাপত্রে কিছু উল্লেখযোগ্য সীমাবদ্ধতাও ছিল:

  • (১) সামাজিক সাম্যের ব্যাপারে বিস্তারিতভাবে কিছু বলা হয়নি।
  • (২) অর্থনৈতিক অধিকার সম্বন্ধে কোনো স্পষ্ট উল্লেখ ছিল না।
  • (৩) শিক্ষার অধিকার সংক্রান্ত কোনো বিষয় আলোচনা হয়নি।
  • (৪) নাগরিকদের সমবেত আন্দোলন করার অধিকার নিয়ে কোনো কিছু বলা হয়নি।
  • (৫) নাগরিকের অধিকার সম্পর্কে আলোচনা থাকলেও তাদের দায়িত্ব বা কর্তব্যের ব্যাপারে কিছুই উল্লেখ করা হয়নি।

(৪) ঘোষণাপত্রের গুরুত্ব:
যদিও কিছু সীমাবদ্ধতা ছিল, তবুও ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রের গুরুত্ব অস্বীকার করা যায় না। ঐতিহাসিক ওলার এর মতে, এই ঘোষণাপত্রের মাধ্যমে "বিশেষ অধিকার এবং অসাম্যের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে"। তিনি এই ঘোষণাপত্রকে "পুরাতনতন্ত্রের মৃত্যুর পরোয়ানা" হিসেবে আখ্যায়িত করেছেন, যা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>>>>







Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.